জুলাই গণহত্যার সাথে জড়িত খুনি ও তাদের দোসরদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।
গতকাল বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো : জুলাই গণহত্যার সাথে জড়িত খুনি ও দোসরদের চিহ্নিত করে গঠনমূলক সরকারি মামলা নিশ্চিত করা, আগামী সাত দিনের মধ্যে সারা দেশের যত খুনি ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা এবং আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ২০ মিনিট ধরে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে বিকেল ৫টায় একটি সংবাদ সম্মেলনও করেন তারা।
সমাবেশে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেছেন, ‘জুলাইয়ে অনেকেই খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাত-পা হারিয়েছে, এসবের বিচারের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়া হয়নি। যারা হত্যাকারী ও হামলাকারী তাদের বিরুদ্ধে এ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং তাদেরকে পুনর্বাসন করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে। মাত্র কয়েকজনকে আটক করে আমাদেরকে দেখানো হচ্ছে যে, আমরা আটক করেছি এবং বলা হচ্ছে আমরা তাদের ব্যবস্থা নেবো। আইনশৃঙ্খলাবাহিনীর যেসব সদস্য এ হামলা এবং গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা তিনটি দাবির পাশাপাশি সাভার ও আশুলিয়া থানাসহ সারা দেশে সব জায়গায় জুলাইয়ে গণহত্যা ও হামলার দোসরদের বিচার কার্যক্রম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন।





