যশোরের চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে মূর্তি তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই মূর্তির গায়ে লাগবে রঙের আঁচড়।
উপজেলার পৌর এলাকার কালিতলা কালি মন্দিরে চলছে মূর্তি তৈরির কাজ। এই মন্দিরের ভেতরে এখন শোভা পাচ্ছে ছোট-বড় মূর্তি। বাঁশ-কাঠ আর কাদা মাটি দিয়ে তৈরি মূর্তিগুলো দেখতে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মের লোকজন। এরই মধ্যে মণ্ডপের কাঠামো তৈরি এবং খড়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে মাটির শেষ কাজ। এরপর মাটির তৈরি মূর্তিতে রং তুলির কাজ করা হবে।
গতকাল রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, মূর্তি তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পী (কারিগর) যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের মাহীন্দ্র দাস ও তার সহকারী একই গ্রামের গৌয়ুর মণ্ডল, মনোজীত ঢালী ও কৃষ্ণ সরকার। তারা ৩০ বছর ধরেই মূর্তি তৈরির সাথে জড়িত। মূর্তি বিক্রি করেই তাদের সংসার চলে। প্রতিটি মূর্তি ৪০ থেকে ৫০ হাজার টাকার অর্ডার পেয়েছেন।





