নাটোরের বাগাতিপাড়ার বুক চিরে বয়ে চলেছে বড়াল নদী। সেই নদীর গয়লার ঘোপ-পাঁকা ঘাটে একটি ব্রিজের অভাবে বর্ষা মওসুমে রশি টেনে নৌকায় এবং শুষ্ক মওসুমে বাঁশের সাঁকোয় পারাপার হতে হয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের। এতে করে নদীর দুইপাশের অন্তত ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম বিপাকে রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, জামনগর ইউনিয়নের অন্তর্গত গয়লার ঘোপ একটি গ্রাম। এ গ্রামটিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে বড়াল নদী। অনেকটা ইংরেজির ইউ বর্ণাকৃতিতে ঘেরা গ্রামটি দেখতে কিছুটা দ্বীপের মতো। শুধুমাত্র উত্তর দিকে রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। আরো দু’টি সংযোগ রাস্তা থাকলেও প্রধান অন্তরায় নদী। পথ দু’টি গোচর-গয়লার ঘোপ ঘাট এবং গয়লার ঘোপ-পাঁকা ঘাট। এ দুই পথে বর্ষা মওসুমে নৌকায় এবং শুষ্ক মওসুমে বাঁশের সাঁকোয় পারাপার হতে হয়। এ ছাড়া গয়লার ঘোপের উত্তর পাশে প্রায় ১০ গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসতি। নদী বিধৌত এ গ্রামগুলোর প্রধান ফসল সবজি। এখানকার উৎপাদিত সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটর দূরে হওয়ায় এসব কৃষিপণ্য খুব কম দামে ফড়িয়াদের কাছে বিক্রি করতে হয়।
অপর দিকে, গ্রামটির পূর্ব দক্ষিণ কোণে রয়েছে পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রাম। গয়লার ঘোপের শিক্ষার্থীরা পাশের জামনগর এবং পাঁকা গ্রামের প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজে পড়ালেখা করে। গয়লার ঘোপ থেকে নদ পার হয়ে মাত্র আধা কিলোমিটার দূরে আড়ানী রেলস্টেশন। অদূরে রয়েছে বাঘার আড়ানীর একটি বিখ্যাত হাট। কিন্তু নিকটবর্তী পাঁকার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত, বড়াল পাড়ের পাঁকা হাট ও আড়ানীর হাটসহ এ অঞ্চলের মানুষের সাথে যোগাযোগের প্রধান বাধা বড়াল নদীটি। গয়লার ঘোপ গ্রাম থেকে উপজেলা সদরের সহজ পথ পাঁকা হয়ে আড়ানী-বাগাতিপাড়া সড়ক। কিন্তু জামনগর হয়ে কয়েক কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হয় এ গ্রামটির মানুষের। ফলে সাধারণ মানুষের প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়।
পাঁকাঘাট এলাকার শিক্ষক আব্দুস সালাম বলেন, বর্ষাকালে ছাত্রছাত্রীদের নৌকায় অনেক কষ্টে পার হতে হয়। অন্য সময়ে বাঁশের সাঁকো তাদের ভরসা। নৌকার মাঝি ইদ্রিস আলী বলেন, তিনি প্রতিদিন দেড় থেকে দুইশ’ লোক পার করেন।
এ ব্যাপারে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, প্রকৌশল অধিদফতর থেকে বেশ কয়েকবার মাপজেঁাঁক নিলে পরে আর কোনো খবর নাই।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, ওই ঘাটে একটি সেতুর প্রকল্প পাঠানো হয়েছিল। মাটি পরীক্ষার তথ্যও ঊর্র্ধ্বতন বরাবর প্রেরণ করা হয়েছে। আশা করছি দ্রুতই ওইখানে ২০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে।
বাগাতিপাড়ায় রশি টেনে নৌকায় নদী পারাপার
নাটোরের বাগাতিপাড়ার বুক চিরে বয়ে চলেছে বড়াল নদী। সেই নদীর গয়লার ঘোপ-পাঁকা ঘাটে একটি ব্রিজের অভাবে বর্ষা মওসুমে রশি টেনে নৌকায় এবং শুষ্ক মওসুমে বাঁশের...





