মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ মিনারের সামনের রাস্তায় সমাবেশ করেন তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান; বিজেপির দালালেরা হুঁশিয়ার, সাবধানসহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, ভারতের একজন পুরোহিত আমাদের নবীকে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। আমরা এই সমাবেশ থেকে আল্লাহ ও নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মসিউর সাদ বলেন, ‘আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে রাসূল সা:-এর নবুয়তের পূর্ব পর্যন্ত কোনো মানুষ তার চরিত্রের ওপর কলঙ্ক লেপন করতে পারেনি । সেই মহামানবের চরিত্র নিয়ে কটূক্তি করেছে ভারতের পুরোহিত। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদিম মাহমুদ বলেন, ‘ভারতে আমাদের নবীকে নিয়ে যে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়কে রক্তাক্ত করেছে। যারা নবী ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।’





