মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় আটটি বসত টিনের ঘর, চারটি রান্নাঘর ও তিনটি গোয়াল ঘরসহ মোট ১৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া এলাকার বালিট্রা গ্রামের শেখ বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, এ অগ্নিকাণ্ডে নূর ইসলাম শেখ, মোতালেব শেখ, সুমন, ইসমাঈল শেখ, যুবায়ের, বহর আলী, দেলোয়ার শেখ, সাইদুল, শরীফ, সুজন শেখ, সুফিয়া বেগমর ঘরসহ আসবাবপত্র পুড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ি ঘর পুড়ে ১৩টি পরিবার এখন সর্বশান্ত। প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এ সময় শ্রীনগর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী ও উপজেলার পিআইও অফিসার উপস্থিত ছিলেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল সাহা জানান, এ ঘটনায় বিদ্যুতের পাঁচটি মিটার পুড়ে গেছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদ দিতে বলা হয়েছে।





