ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন দুই ছাত্রলীগ নেতা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে এর সূত্রপাত ঘটে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে ইবি থানায় হস্তান্তর করেন।
ভুক্তভোগীরা হলেন, শাখা ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থপনা বিষয়ক সম্পাদক শাহীন পাশা এবং নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক আল আমীন সুইট। তারা উভয়ই আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায় গতকাল আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় অংশ নিতে আসেন ছাত্রলীগ নেতা সুইট ও শাহীন পাশা। এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার পর ভবনের সামনে এসে স্লোগান দিতে থাকেন কিছু শিক্ষার্থী। পরে বিশ^বিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও পরিবহন প্রশাসকসহ বিভাগের শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যস্থতায় তাদের থানায় সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা জানতে পারার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ওপর যাতে মব জাস্টিস না হয় সেটাকে গুরুত্ব দিয়েছি।





