মন্দিরে পাহারারতদের ওপর ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলার ঘটনায় ভেদরগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অশ্রু হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন বেপারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার শরীয়পুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আয়শা আক্তার এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫-২০ নেতাকর্মী ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা দাস বাড়ি-মন্দির পাহারা দিতে গেলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে মন্দির ভাঙার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা ৪টি মোটরসাইকেল ভাঙচুর এবং বিএনপি কর্মী মেহেদী হাসানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর রামভদ্রপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদি হয়ে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে উপজেলা আ’লীগের সহসভাপতি জব্বার রাড়ী ও সাধারণ সম্পাদক মান্নান হাওলাদারসহ ৪৬ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।