পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারের পানি থেকে বাড়িঘর, রাস্তাঘাট, রক্ষায় মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানির মধ্যে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে জোয়ারের পানিতে দাঁড়িয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, শাহীন মোল্লা, সোহেল মোল্লা, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, হালিমা আয়শা, মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, পশ্চিম লোন্দা গ্রামের ২৫০ টি পরিবারের ঘরবাড়ি ফসলি জমি প্রায় ৪০ বছর ধরে জোয়ারে ডুবে যায়। আমরা বেঁচে থাকার জন্য ও কৃষিজমি রক্ষার জন্য একটি মজবুত বেড়িবাঁধ চাই।