বিগত ১৫ বছর পূর্বে দখল হয়ে যাওয়া বসত বাড়ি ফিরে পেতে প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের আলী আশ্বব ভোলা মিয়ার ছেলে রিকশাচালক আব্দুল করিম।
গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপদুয়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে মাহবুবুল হক (৪৫) জমিটিতে দোকানঘর নির্মাণ করে দখল করে রেখেছে। একই সময়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের ফজুর নেছার কাছ থেকে ১৯৬৭ সালে একই গ্রামের কালা মিয়ার ছেলে আলী আশ্বব ভোলা মিয়া ও মোহাম্মদ হোসেন ১৫ শতক জমি ক্রয় করেন। এ জমিতে দখল থাকা অবস্থায় স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে মারা যান আলী আশ্বব। পরবর্তীতে ১৫ শতক জমির মধ্যে পিতার হিস্যায় সাড়ে ৭ শতক জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করেন মৃত আলী আশ্ববের ছেলে আব্দুল করিম। ২০০৮ সালে তাদের বাড়ি-ঘর ভাঙচুর করে এ জমি দখল করে নেয় লক্ষ্মীপদুয়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে মাহবুবুল হক ও একই গ্রামের নূরুল হকের ছেলে জাহাঙ্গীর আলম।

এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল করিম বলেন, আমার পিতা সাড়ে ৭ শতক জমি ক্রয় করে আমরা বাড়ি-ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করি। মাহবুবুল হক দাবি করেন লক্ষ্মীপদুয়া গ্রামের নূরুল হকের ছেলে জাহাঙ্গীর আলমের কাছ থেকে তারা এ জমি ক্রয় করে।
অভিযুক্ত মাহবুবুল হক মোবাইল ফোনে বলেন, জমিটি আমরা জাহাঙ্গীরের কাছ থেকে ক্রয় করেছি। কিন্তু এখন করিম এসে জমিটি নিজের দাবি করে দখল করার চেষ্টা করছে।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।