প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা করেছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। গত সোমবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যমে স্বচ্ছতার সাথে বৈষম্যমুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালনার অঙ্গীকার করেন তিনি।
বাজেটে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট ১৫ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ১৫ কোটি ২০ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বাকি ৩০ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জিত রাজস্ব থেকে। বাজেটে মোট আবর্তক অনুদান ১০ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে বেতন খাতে তিন কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা, ভাতা খাতে দুই কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতে চার কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা, গবেষণা অনুদান খাতে ২২ লাখ টাকা, প্রাথমিক স্ব্যাস্থ্যসেবা খাতে তিন লাখ টাকা ও অন্যান্য অনুদান চার লাখ টাকা।
জানা যায়, গত ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেট ছিল ১০ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা। ২০২৪-২০২৫ অর্থবছরে বাজেট বৃদ্ধি হয়েছে ৫ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা এবং বৃদ্ধির হার ৫১ শতাংশ।
ভিসি অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য অনুমোদিত বাজেট উপস্থাপন করা হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক সব কাজে স্বচ্ছতা নিশ্চিতকরণের চেষ্টা করব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।





