বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে গত ৫ আগস্ট সকালে ছাত্রদের মিছিলে অংশগ্রহণ করে পুলিশের হামলায় গুরুতর আহত হন সুনামগঞ্জ জেলা জাগপার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বকুল। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও তার খবর নেননি কেউ বলে অভিযোগ তার।
আমিনুল ইসলাম বকুল জানান, গত ৫ আগস্ট ঢাকার কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজর ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষের সাথে রাজনীতিবিদ ও ব্যবসায়ী আমিনুল ইসলাম বকুলও অংশগ্রহণ করেন। মিছিলটি গোবিন্দগঞ্জ পয়েন্ট অতিক্রম কালে পুলিশ পেছন থেকে মিছিলে হামলা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরো জানান, পুলিশের হামলায় ২০-২৫ জন ছাত্রের সাথে তিনিও গুরুতর আহত হন। এরপর অন্যান্য আহতের সাথে ছাত্ররা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এখানে দুইদিন চিকিৎসার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকাস্থ পিজি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়ে প্রায় সপ্তাহ পর বাড়ি ফিরে আসলেও এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি।
তিনি জানান, গোটা দেশের ছাত্রসমাজ ও জনতা জেগে ওঠার কারণে খুনি হাসিনার পতনের চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে! তবে স্থানীয় নেতৃবৃন্দ ও ছাত্ররা তার চিকিৎসার খোঁজ খবর না নেয়ায় তার কিছুটা কষ্ট রয়েছে।