কক্সবাজারে রিসোর্ট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে কলাতলীর মরিয়ম রিসোর্টের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মৃত অমিত বড়ুয়া (৩৪) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার সন্তান।

জানা যায়, গত ৮ অক্টোবর বেলা ১১টায় অমিত বড়ুয়া রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি বুকিং নেন।

রিসোর্টের ম্যানেজার জানান, শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউটের জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। তিনি বারবার দরজায় আঘাত করার পরও কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালার সাথে অমিত বড়ুয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের মোবাইল টিমও ঘটনাস্থলে উপস্থিত ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।