ময়মনসিংথহে কয়েক দিনের ভারী বর্ষণের কারণে উপজেলা গৌরীপুরের খুচরা বাজারগুলোতে সবজির দাম ক্রমে বৃদ্ধি পাচ্ছে। গত বৃহস্পতিবার সকাথলে খুচরা বাজারে সর্বোচ্চ ৬০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে।
বিক্রেতারা বলছেন, ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে সরবরাহের ঘাটতি থাকায় দামের এমন অস্বাভাবিক বৃদ্ধি।
পৌর মার্কেটে সকালে সবজি কিনতে আসা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা হাজী সদর আলী জানান, শুধু মরিচ আর ডিম নয়, বাজারে অন্যান্য সবজির দামও বেড়েছে। চলতি সপ্তাহে সবজির দাম কেজিতে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।
সবজি ক্রেতা তোফাজ্জল হোসেন অপু জানান, বর্তমানে বাজারে আমদানি করা ও দেশীয় উভয় ধরনের কাঁচামরিচই বিক্রি হচ্ছে। গরম, বন্যা বা অতিবৃষ্টির কারণে গত তিন-চার মাসে বাজারে বেশ কয়েকবার কাঁচামরিচের দাম ওঠানামা করছে। তবে বেশির ভাগ সময় ২৫০-২৮০ টাকার মধ্যেই মরিচ বিক্রি হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বাজারে কাঁচামরিচের দাম বেড়ে ৬০০ টাকায় পৌঁছায়।
এনজিও কর্মী ঝরনা সুলতানা বলেন, মরিচের বাজারে আগুন। তাই আজ মরিচ কিনিনি। দাম কমার আগ পর্যন্ত কাঁচামরিচ কিনবো না।