বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছন, শেখ হাসিনা ও তার দলের রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। স্বৈরাচারী শেখ হাসিনার থিউরি বাংলাদেশে আর চলবে না। শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেনি। সে তার পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাজনীতি করেছে। তিনি বাংলাদেশের নয়, ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট আব্দুর রাজ্জাক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকেও ধ্বংস করেছে। তিনি শুধু বাংলাদেশের মানুষের ওপরই প্রতিশোধ নেননি, আওয়ামী লীগের ওপরও প্রতিশোধ নিয়েছেন। তিনি এমন একজন নেতা যে ছাত্র জনতার বিপ্লবের মুখে নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলেন, এত বড় দল, এত নেতাকর্মী অথচ তার বাবার লাশ মাটিতে পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। বাংলাদেশের প্রতি, দেশের মানুষের প্রতি এমনকি আওয়ামী লীগের প্রতিও তার মনে বিদ্বেষ ছিল। আওয়ামী লীগ যেন বাংলাদেশে কোনো দিন রাজনীতি করতে না পারে, সেই পরিস্থিতি শেখ হাসিনাই সৃষ্টি করে গিয়েছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো সদস্য অংশগ্রহণ করেন নাই। অথচ শেখ হাসিনা দাবি করত, আওয়ামী লীগ ও তার পরিবার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। যখন যার সাথে দ্বিমত হতো, তাকেই রাজাকার আখ্যা দেয়া হতো।
সমাবেশে মাওলানা জালালুদ্দিন আহমদকে আগামী নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক।
জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বীর আহমদ উসমানী। অনুষ্ঠানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা নেতাকর্মী এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন।