ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন সিনিয়র স্পেশাল জজ আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ভোলার আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে পিপি সাহাদাত হোসেন শাহিন আদালতে আবেদন করেন।
আবেদন শুনানি শেষে আদালত মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, গ্যাস কূপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের তদন্তনাধীন রয়েছে।