মুন্সীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে নিহত দিনমজুর সজল মোল্লার (৩১) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের ৮৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর কবরস্থান থেকে প্রশাসন ও পরিবারের উপস্থিতিতে লাশ উত্তোলন করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে এ লাশ উত্তোলন করা হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ।
লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি খলিলুর রহমান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আওয়াতিফ ইবনে মতিন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সিদ্দিক ও পরিবারের সদস্যরা।