ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ তিন দিনব্যাপী ‘রিসেন্ট ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (আইআইসিএএসডি-২০২৪) বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে গত শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত এ কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মো: আবু তৈয়ব, কী নোট স্পিকার জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি।
প্রধান অতিথি বলেন, এই আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থাপিত উদ্ভাবনগুলো প্রকৌশল ও প্রযুক্তিগত অগ্রগতি, টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক, নীতি-নির্ধারক ও সংশ্লিষ্ট সবার মধ্যে মতবিনিময়, কোলাবোরেশন ও কর্মপন্থা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের দেশের প্রকৌশল এবং প্রযুক্তি শিক্ষা তথা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিষয়ক শিক্ষাকে আরো উন্নত করবে।

কী নোট স্পিকার অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি কনফারেন্সের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে বলেন, আমি আশা করি, বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণার বিভিন্ন বিষয়ে কোলাবোরেশনের মাধ্যমে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাবো। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকগণ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন বিষয়ে সাতটি কী-নোট স্পিচ, ১১২টিরও বেশি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বেস্ট রিসার্স পেপার উপস্থাপনকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তাসনিম নিশাত ঐশী ও আর্কিটেকচার বিভাগের প্রভাষক সুনিলা বিনতে আহসান।