বরিশালের গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ফকিরকে (৭৩) প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত শনিবার গৌরনদী মডেল থানায় বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো: মিজানুর রহমান মুকুলকে অভিযুক্ত করে সাধারণ ডায়েরিটি করেন তিনি।
গতকাল রোববার দুপুরে শাহ আলম ফকির বলেন, গত দু’মাস আগে আমাকে সভাপতি ও বিশ্বজিৎকে সাধারণ সম্পাদক করে গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করেন বন্দরের সাধারণ ব্যবসায়ীরা।
তবে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুল খান তার পছন্দের ব্যক্তি চুন্নু তালুকদারকে সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন সরদারকে সাধারণ সম্পাদক করে আরেকটি পাল্টা কমিটি গঠন করে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি দেয়।
তিনি আরো বলেন, এমতাবস্থায় গত ১৩ নভেম্বর আমাকে বন্দরের ব্যবসায়ী আনিছের দোকানের সামনে দেখে মিজানুর রহমান মুকুল ও খোকন সরদার ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় আমাকে তারা মারতে উদ্যত হলে বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা প্রতিহত করায় মুকুল খান ক্ষিপ্ত হয়ে আমাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান মুকুল বলেন, অভিযোগের কোনো সত্যতা নাই। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।





