নানা আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) রোববার নবান্ন উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে ব্রি’র প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ব্রি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অতিথিগণ মাঠে ধান কাটার উৎসবে অংশ নেন।
পরে ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রি নবান্ন উৎসব আয়োজন কমিটির সদস্যসচিব এবং শস্যমান ও পুষ্টি বিভাগের প্রধান ড. মো: আনোয়ারুল হক। এ সময় অন্যান্যের মধ্যে ব্রি’র বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। পরে নবান্ন উৎসব উপলক্ষে ব্রি’র সব বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা-পায়েস বিতরণ করা হয়।