বজ্রপাতে মৃত্যু কমাতে সড়কের পাশে রোপণ করা হলো তালগাছ। ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ। সড়কের দু’পাশে মাসব্যাপী তালবীজ রোপণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ আয়োজনে অংশ নেয় গৌরীপুর সরকারি কলেজ ও গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থী, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ। গত মঙ্গলবার এ কর্মসূচির সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়। তিনি এ সময় রোপণের কর্মসূচির সাথে এলাকাবাসীকে নিয়ে বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপণে উদ্বুদ্ধকরণ প্রচারাভিযান পরিচালনা করেন।
মাসব্যাপী এ কর্মসূচি চলে সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া, মাসকান্দা, জাঙ্গালিয়া, সহনাটী, ভালকাপুর, অচিন্তপুর ইউনিয়নের গাগলা, শাহগঞ্জ, ঈশ্বরগঞ্জ-নেত্রকোণা সড়ক ও গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের বিভিন্ন সড়কে।
সমাপনী দিনে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজহাতে রাস্তার দু’পাশে তালবীজ রোপণ করেন ইউএনও শাকিল আহমেদ। এ সময় এ কর্মসূচি বাস্তবায়নে অংশ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান রাব্বি প্রমুখ।





