চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড)-এর লেনী ফ্যাশন লিমিটেড এবং লেনী অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া পাওনাদি আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এতে ওই মহাসড়ক দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বারবার বেপজা কর্তৃপক্ষ তাদের পাওনাদি দুই মাসের মধ্যে পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা না মেনে মহাসড়কে অবস্থান নিয়ে আছে। সবরকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
গতকাল সকাল ৮টা থেকে ডিইপিজেডের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন শুরু করে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা পৌনে ৭টা) মহাসড়ক থেকে শ্রমিকরা চলে যায়নি।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে ২০২০ সালে লেনী ফ্যাশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কারখানা লে-আউট ঘোষণা করা হয়। কিন্তু শ্রমিকদের পাওনা ওই বছরের জানুয়ারি মাসের বেতন এবং সার্ভিস বেনিফিট না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। একপর্যায়ে আন্দোলনের মুখে বারবার শ্রমিকদের পাওনাদি পরিশোধের আশ্বাস দেয়া হয়; কিন্তু গত চার বছরেও তা পরিশোধ করা হয়নি। সর্বশেষ চলতি মাসের (নভেম্বর) ৩০ তারিখ শ্রমিকদের সব পাওনাদি পরিশোধের দিন ধার্য করে বেপজা কর্তৃপক্ষ। কিন্তু এ-সংক্রান্ত কোনো চিঠি কিংবা নোটিশ আকারে এখনো দেয়া হয়নি। তাই বাধ্য হয়েই আজ (মঙ্গলবার) বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।





