ফের বিয়ে করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দুই পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার বিয়ে করেছেন তিনি।

জানা গেছে, কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মোস্তাক কিবরিয়া চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামী। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সাথে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তার সাথে ডিভোর্স হয় ২০০৭ সালের ১৫ মে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে কেয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ, যে কারণে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। পরবর্তীতে ঘটাকরে আয়োজন করার ইচ্ছে আছে।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সাথে প্রথম যখন অভিনয় করেন তখন কেয়ার বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেন। চলচ্চিত্রে কেয়া নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস ও শাকিব খানের মতো হিরোদের বিপরীতে একসময় অভিনয় করেছেন।

তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে আন্তরালে চলে যান অভিনেত্রী। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারো পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি সিনেমা।

এর আগে এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করেন কেয়া। সে সংসার বেশিদিন টেকেনি। সেখান থেকে আলাদা হবার পর এতোদিন একাই ছিলেন তিনি।