শিক্ষকদেরকে আলাদা বেতন স্কেল প্রদান করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী। তিনি বলেন, বঞ্চিত মাদরাসা শিক্ষাব্যবস্থাকে কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর জন্য শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে মাদরাসা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান আল মাদানী বলেন, ‘খাগড়াছড়ি জেলা সদরে অনতিবিলম্বে ফাজিল ও কামিল মাদরাসা চালু এবং অনুমোদন দেয়ার আহ্বান জানাচ্ছি।’
জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ শেখ আহমদ মজুমদারের সভাপতিত্বে এ সময় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এবং আদর্শ শিক্ষক ফেডারেশন খাগড়াছড়ি জেলার সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন।
শিক্ষক সম্মেলনে অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ বলেন, ‘মাদরাসা শিক্ষার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। স্কুল, কলেজ ও মাদরাসায় বিদ্যমান কোটা প্রথা বাতিল করতে হবে।’
তিনি বলেন, ‘মাদরাসায় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করতে হবে।’
সম্মেলনে অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘৫ আগস্টের আগে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল ও বাংলাদেশকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করেছিল। এ সময় সবচেয়ে বেশি নিগৃহীত ছিল মাদরাসা শিক্ষাব্যবস্থা। তাই এ সময়ে মাদরাসার শিক্ষাব্যবস্থার উন্নয়নে মাদরাসা শিক্ষক পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সম্মেলনে আরো বক্তব্য রাখেন রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, গুইমারা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা জয়নুল আবেদীন, রশিকনগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আজিজ উদ্দিন প্রমুখ।





