ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা করেছে বাংলাদেশ ব্লাইন্ড মিশন। গত শুক্রবার নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দেয়া তথ্যের উল্লেখ করে বলা হয়, তামাকজাতদ্রব্য ও ধূমপানের কারণে প্রতিবছর ৮০ লাখ মানুষের মৃত্যু হয়। একই কারণে বছরে বাংলাদেশে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে বিভিন্ন সুপারিশ ও পরামর্শ উপস্থাপন করেন।
কর্মশালায় বলা হয়, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে প্রতিকার পেতে বিভিন্ন ধরনের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন। এ জন্য উন্মুক্তস্থানে ধূমপান না করা, ধূমপান এবং তামাকদ্রব্য কেনাবেচায় ও উৎপাদনে আইনের কঠোর প্রয়োগ, সন্তান ও পরিবারের সদস্যদের সাথে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে কাউন্সিলিং, ধূমপান ছাড়তে উৎসাহ প্রদানের জন্য পুরস্কৃত করা, তামাক জাতীয় দ্রব্যের ওপর অধিকহারে করারোপ করা, মিডিয়ায় ধারাবাহিকভাবে তামাক এবং ধূমপান বিরোধী সংবাদ তুলে ধরা এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের খন্দকার আবেদুল ইসলাম। কর্মশালাটি পরিচালনা এবং ফেসিলিটেশন করেন বিশিষ্ট কনসালট্যান্ট শুভাশীষ চন্দ্র মহন্ত ও রোগতত্ত্ববিদ সামসুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেনÑ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের রাজশাহী প্রতিনিধি মঞ্জুয়ারা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার মোহাম্মদ নাসিরুজ্জামান ও বিবিএমর তারেক মাহমুদ।
এতে জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন মিডিয়ার ২৬ জন সাংবাদিক অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ ব্লাইন্ড মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





