গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) প্রধান মসলা ফসলের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন বিষয়ে স্টেকহোল্ডার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়ন ও বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রের পোস্ট হারভেস্ট বিভাগের বাস্তবায়নে দিনব্যাপী ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার হায়দার প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ড. মো: আক্কাস আলী, স্পেশালিষ্ট ড. নরেশ চন্দ্র দেব বর্মা, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মাজহারুল আনোয়ার, পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হাফিজুল হক খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসলা আমাদের দেশের উচ্চমূল্যের ফসল। আমাদের প্রধান প্রধান অনেক মসলা জাতীয় ফসল প্রতি বছর পোস্ট হারভেস্ট লস হয়ে থাকে। এ জন্য এসব মসলা জাতীয় ফসল প্রক্রিয়াজাতকরণ করে তা বাজারজাত করতে হবে। এ ব্যাপারে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, বারি’র পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: গোলাম ফেরদৌস চৌধুরী ও গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ আলম। কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ উদ্যোক্তারা অংশ নিয়ে হাতে-কলমে পেঁয়াজ, রসুন ও আদা প্রক্রিয়াজাতকরনের ওপর প্রশিক্ষণ নেন।