কক্সবাজারের রামুতে মো: শাহাবুদ্দীন মিয়া (২৩) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ ডিসেম্বর) উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় চোলাচালানের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত মো: শাহাবুদ্দীন মিয়া (২৩) একই উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে বলে জানা গেছে।

গর্জনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রাজেশ বড়ুয়া জানান, ‘চোরাচালানকে কেন্দ্র করে শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল আকবরের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে একদল লোক এসে শাহাবুদ্দিনকে এলোপাতাড়ি কোপায়। পরে ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

এ সময় গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তরব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘চোরাচালান সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।