শিল্পাঞ্চল আশুলিয়ায় ফয়সাল কবির (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে অজ্ঞাতনামা ৮-৯ জন দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে ফয়সালকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত ফয়সাল ফরিদপুরের নগরকান্দার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসের সহকারী হিসেবে চাকরি করতেন।
পারিবারিক একটি সূত্র জানায়, ফয়সাল জনৈক ট্রান্সপোর্ট ব্যবসায়ী মাজহারুল হকের অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। প্রায় ১৫ দিন আগে ওই চাকরি ছেড়ে দেন তিনি। কারো সাথে কোনো শত্রুতাও ছিল না।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনপূর্বক অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।