আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বহুল প্রতিক্ষিত রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী নগরীর বাজেসিলিন্দা এলাকায় অধিগ্রহণকৃত নিজস্ব জমিতে প্রধান অতিথি হিসেবে রামেবি ভিসি প্রফেসর ডা: মো: জাওয়াদুল হক অতিথিদের নিয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন।
এ উপলক্ষে এর আগে রামেবির কোষাধ্যক্ষ ডা: মো: জাকির হোসেন খোন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: খন্দকার মো: ফয়সল আলম। বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলী, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।
সভায় রামেবির রেজিস্ট্রার প্রফেসর ডা: মো: আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুধিজন, রাজশাহী মেডিকেল কলেজসহ অধিভুক্ত বিভিন্ন মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও রামেবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রামেবির ভিসি প্রফেসর ডা. মোঃ জাওয়াদুল হক বলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার আওতাধীন বড় বনগ্রাম মৌজা, বাজে সিলিন্দা ও বারইপাড়া মৌজার অংশ নিয়ে মোট ৬৭.৬৭৯২ একর জমির উপর এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। রামেবি হবে পরিবেশবান্ধব ও সর্বাধুনিক সুবিধা সম্বলিত একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল বিশ^বিদ্যালয়।





