কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আমতলা বাজারে কৃষি জমি‌তে খাল খনন বন্ধে ও আবাদি জমি রক্ষা‌য় পাঁচ শতাধিক কৃষক মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আমতলা বাজারে ভুক্তভোগী কৃষকসহ স্থানীয়রা এ মানববন্ধন করেন।

কৃষকরা বলেন, আমরা জমি চাষ করে পরিবার পরিজন নিয়ে বাঁচতে চাই। এই জমি খনন করতে দেবনা। এটি আমাদের প্রাণের দাবি।

কৃষক সহিদুল ইসলাম বলেন, ‌‘এই জমিতে বোরো মৌসুমে বীজতলা করে হাজার হাজার মন ধান উৎপাদন করা হয়। সেই ধান আমরা বিভিন্ন জেলায় সরবরাহ করি। এই জমি যদি খনন করা হয় তাহলে আমরা এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাব। আমাদের প্রাণের দাবি জমি যেন খনন করা না হয়।’

কৃষক মোবারক আলী বলেন, ‘আমরা এই জমি দিয়ে সংসার চালাই। খননের ফলে হাজারো একর জমি আবাদের অনুপযোগী হয়ে পরবে। তাই আবাদি কৃষি জমি যেন খনন না হয় সেজন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’