কক্সবাজারের উখিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় ভুক্তভোগী কিশোরী নয়া দিগন্তকে বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত মোহাম্মদ রাসেল (২৮) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বটতলী গ্রামের জাফর আলমের ছেলে।

ভুক্তভোগী বলেন, ‘রাসেলের সাথে আমার বিয়ের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়। বিয়ের কথা হওয়ার সুবাদে মাসখানেক ধরে তার সাথে আমার কথাবার্তা হতো। একপর্যায়ে তিনি (রাসেল) গত ১ ডিসেম্বর সকালে ঘুরতে যাওয়ার কথা বলে কক্সবাজার নিয়ে যান। পরে সমুদ্র সৈকতে কিছুক্ষণ ঘুরাঘুরি শেষে আমি বাড়ি চলে আসার কথা বললে তিনি আসতে দেয় না।

ভুক্তভোগী দাবি করেন, রাসেল তার ভাই মো: আবুল কালামসহ আরো চার থেকে পাঁচজন মিলে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, পরে বিষয়টি অভিযুক্ত ব্যক্তির পরিবারের কাছে জানাতে গেলে তাকে মারধর করা হয়। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মো: রাসেলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ ঘটনায় সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

পরে তার বড় ভাই আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি ধর্ষণ ও মারধরের বিষয়টি অস্বীকার করে ষড়যন্ত্র বলে দাবি করছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, এ ঘটনার বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।