ঢাকার আশুলিয়ায় আলোচিত রাসেল হত্যার প্রধান আসামি আব্দুল মতিনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে মতিনকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।

এর আগে গত বুধবার রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানার আলিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানায় আনা হয়।

গ্রেফতার আবদুল মতিন সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন চরচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আর নিহত রাসেল সিরাজগঞ্জের গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, নিহত রাসেলের কাছ থেকে চাকরী দেয়ার নামে সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যান মতিন। গেল অক্টোবর মাসে মতিনকে খুঁজে পেয়ে আশুলিয়ায় খালুর বাসায় নিয়ে আসেন রাসেল। ওই বাসায় রাত্রিযাপন করেন তারা। পরে তাদের মধ্যে ঝগড়া হলে রাসেলকে হত্যা করে পালিয়ে যান মতিন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ‘হত্যার পর আশুলিয়া থেকে পালিয়ে পটুয়াখালী চলে যায় মিলন। সেখানে গোয়েন্দা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।’