রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে তাকে হাজির করা হয়েছিল। এ সময় আসাদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো: হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো: আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত পরিদর্শক বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলার মোহনপুর থানায় দায়ের করা একটি মামলার ধার্য তারিখ ছিল বৃহস্পতিবার। এ মামলায় হাজিরার জন্য আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেয়া হয়েছিল। এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
তিনি আরো বলেন, ‘এ দিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানোর আবেদন ছিল। আদালত এ আবেদন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।’
উল্লেখ্য, আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৬ অক্টোবর ঢাকায় তিনি র্যাবের হাতে গ্রেফতার হন। পরে ঢাকা থেকে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আসাদ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।





