লক্ষ্মীপুরের কমলনগরে চারটি ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়ে উপজেলা প্রশাসনের চার কর্মকর্তাকে সাময়িক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।
চেয়ারম্যানরা দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ পরিষদে অনুপস্থিত থাকার কারণে জনভোগান্তি কমিয়ে আনতে স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করে।
সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের মো: আবুল খায়ের, চরমার্টিন ইউনিয়ন পরিষদের মো: ইউসুফ আলী, পাটোয়ারীহাট ইউনিয়ন পরিষদের এ কে এম নুরুল আমিন রাজু ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের মো: নিজাম উদ্দিন।
জানা যায়, বরখাস্ত চেয়ারম্যানদের স্থলে দায়িত্ব পালন করবেন চরমার্টিন ইউপিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: মহসিন, সাহেবেরহাট ইউপিতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, পাটারীরহাট ইউপিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য শাহা ও হাজিরহাট ইউপিতে মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মোরশেদ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ‘সারাদেশে অনুপস্থিত চেয়ারম্যানদের স্থলে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নিয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই আলোকে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসনের এই চার কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর উল্লেখিত চেয়ারম্যানগণ পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসলেও দেয়া হয়নি প্রশাসনিক ক্ষমতা।





