বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে তমালতলা মহিলা কলেজ মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, ‘কোনো ভূমি দখল নয়, কোনো স্কুল দখল নয়, ম্যানেজিং কমিটি দখল নয়। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। বিএনপি কোনো চাঁদাবাজদের দল নয়, কোনো সন্ত্রাসদের দল নয়। বিএনপি শান্তিপূর্ণ বেগম খালেদা জিয়ার দল।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এ দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র হয়েছে, তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। হাসিনার ১৭ বছরে খুন, গুম, হত্যা, নির্যাতনকে পরোয়া না করে রাজপথে থেকেছি।’

তিনি আরো বলেন, ‘আগামী দিনের ৩১ দফা ঘোষণা করেছেন আমাদের নেতা তারেক রহমান। এ ৩১ দফা বাস্তবায়ন হলে সারা দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হবে। বাংলাদেশ আমেরিকার মতো মডেল রাষ্ট্রে পরিণত হবে। আমরা এখনো ক্ষমতায় যেতে পারি নাই। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই।’

ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিন।

বাগাতিপাড়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান হানিফের সঞ্চালনায় এ কর্মী সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার কৃষক দলের সাবেক আহ্বায়ক রঞ্জিত কুমার সরকার, বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনসার আলী সরকার এবং পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার প্রমুখ।