স্বৈরাচারের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না মন্তব্য করে রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনামলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো ভোটাধিকার ছিল না। রাজনৈতিক দলগুলোর ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। তাই ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর কখনো ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে নগরীর একটি মিলায়তনে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন।

এ সময় অনুষ্ঠানে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: সোলাইমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান রানা, রায়হান ইসলাম রনি ও রাশেদ রাজন, দৈনিক রাজবার্তার নির্বাহী সম্পাদক বজলুর রহমান, দৈনিক নতুন প্রভাতের সিনিয়র প্রতিবেদক হাবিব আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহী মহানগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করা হয়। পরে আলোচনা পর্যালোচনা শেষে ওই প্রতিবেদন অনুমোদন করা হয়। এতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল আউয়াল, সহ-সভাপতি মো: সোলাইমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।