রাজনৈতিক কারণে স্কুল কমিটি মন্দে পরিণত হয়েছে মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘স্কুল পরিচালনা কমিটিতে নেতাদের অন্তর্ভুক্তি ছিল ভালো উদ্যোগ। এখন আমাদের ভালো কাজ করতে হবে। যাতে ভবিষ্যতের জন্য উদাহরণ তৈরি হয়।’

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে যশোর জেলার সার্কিট হাউজে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

উপদেষ্টা বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দেয়া প্রয়োজন যাতে তারা আগ্রহী হয়ে ওঠে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় তৈরি করতে হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হাকিমসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সমস্যা ও সমাধানের বিষয়ে বিভিন্ন মতামত দেন। এ সময় প্রতিটি বিদ্যালয়ে সাতটি শ্রেণি ও সাতজন শিক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর ও শিশু শিক্ষার্থীদের নিরাপত্তাবান্ধব ভবনের দাবি জানান কর্মকর্তারা।

সভায় আরো বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা আক্তার রেখা, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বাশার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমুখ।