ফতুল্লার পাগলায় গাঁজা সেবনকালে কথা-কাটাকাটির জের ধরে সজীব দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানা সীমান্তের পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব দেবনাথ বরগুনা জেলার সদর থানার শুশু কাঠপট্টির আশুতোষ দেবনাথের ছেলে ও পাগলা বাজারের কর্মচারী।
ঘটনার পরপরই ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত রবি (১৭) ও সাজ্জাদকে (১৮) গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার বিজয় মন্ডলের ছেলে রবি। আর সাজ্জাদ একই থানার বারেক দেওয়ানের ভাড়াটিয়া মিঠুর ছেলে।
শ্রমিকরা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। পরে গাঁজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এ সময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাঁজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে সজিব মাটিতে শুয়ে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, মাদক সেবনের একপর্যায়ে তাদের মাঝে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব দেবনাথ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।





