দিনাজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জের শীতলাই আলিম মাদরাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা খোদা বক্স সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। পরিবারে তার স্ত্রী, এক মেয়ে এবং ছেলে আছে।

জানা যায়, গত শনিবার বিকেলে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা খোদা বক্স। তিনি বীরগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যায় আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার একটি অপারেশন সম্পন্ন করা হয়। এরপর আজ রোববার চিকিৎসকের পরামর্শে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। বিকেলে এয়ার এম্বুলেন্স প্রস্তুত করে তাকে উঠানোর সময় মাওলানা খোদা বক্স ইন্তিকাল করেন।

মরহুমের নামাজে জানাজা সোমবার বীরগঞ্জ পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাওলানা খোদা বক্সের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমান, সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক।

পৃথক পৃথক বিবৃতিতে নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।