নারায়ণগঞ্জের ফতুল্লায় শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মোহাম্মদ তানভীর রহমান (১৭) নামে এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টায় এ মামলা করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভুক্তভোগী তরুণ নিজে থানায় মামলাটি করেছেন। মামলায় ১১১ জনকে আসামি করা হয়েছে।’
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, তার ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজের মোড়ে অবস্থিত ডাক বাংলোর সামনে শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য মোহাম্মদ তানভীর রহমানকে গুলি করেন। এরপর তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।





