মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে টিটু মিয়া (১৬) নামের এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জয়নাল সরকারের নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
টিটু মিয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা গ্রামের মান্নান মিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভবন মালিকের স্ত্রী বলেন, ‘টিটুসহ কয়েকজন সাজু ঠিকাদারের অধীনে তাদের ভবন নির্মাণের কাজ করছিল। আজ অন্য শ্রমিকদের রেখে টিটু আগে কাজে চলে আসেন। সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা দিতে গিয়ে তিনি টিটুকে ফ্যানের হুকের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি বিষয়টি আশপাশের লোকজন এবং টিটুর স্বজনদের জানান।
টিটুর চাচাতো ভাই রাস মিয়া বলেন, তারা নির্মাণশ্রমিক। গত প্রায় আড়াই মাস আগে তিনি এবং টিটু কাজের উদ্দেশ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়লিয়া গ্রামে আসেন। স্থানীয় রুবেলের দোকান ঘরে ভাড়া থেকে তারা ঠিকাদারের অধীনে কাজ করতেন। মঙ্গলবার সকাল ৭টায় তারা ঘুম থেকে ওঠেন। এর কিছুক্ষণ পরে তিনি রান্না করতে থাকলে টিটু কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। সকাল সাড়ে ৮টার সময় তিনি খবর পান নির্মাণাধীন ওই ভবনে ফ্যানের হুকের সাথে টিটুর লাশ ঝুলছে। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, সম্প্রতি টিটু মোবাইল ফোনে কোনো এক মেয়ের সাথে কথা বলতো। তার আত্মহত্যার পেছনে প্রেমঘটিত কোনো ব্যাপার থাকতে পারে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বিষয়টি সম্পর্কে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।





