হাসিনার তৈরি আইন দিয়েই গণহত্যার বিচার করা হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেছেন, ‘স্বৈরাচার হাসিনা কল্পনাও করতে পারেনি গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন হবে। শেখ হাসিনার তৈরি করা আইন দিয়ে মানুষের ওপর জুলুম ও নির্যাতন চালিয়েছে। এবার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিচার করা হবে।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মহানগরী নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, অফিস সম্পাদক তৌহিদূর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ মহানগরীর বিভিন্ন থানা আমিররা বক্তব্য দেন।
ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষের ওপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছে। ক্ষমতাকে টিকিয়ে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে জুলুম ও নির্যাতন করেছে।
তিনি বলেন, ‘গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বর্বর ইসরাইলি বাহিনী মুসলিম জাতিগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। এ সময় বিশ্ব মানবাধিকার দিবসে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনের স্থায়ী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসঙ্ঘসহ বিশ্বের সকল মানবতাবাদী রাষ্ট্র ও সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।’
এ সময় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘বিশ্ব মানবতার রক্ষা কবচ হচ্ছে ইসলাম। বিশ্বনবী হযরত মোহাম্মদ সা: তার কর্মের মাধ্যমে মানবতার অনন্য নজীর স্থাপন করে আমাদের দেখিয়ে গেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই আদর্শকে ধারণ করে এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’





