ট্রেন পরিচালনায় টিটি, গার্ডসহ জনবল সঙ্কটে আটদিন বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লোকাল ট্রেনগুলো চলাচল শুরু করেছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে এইসব লোকাল ট্রেনগুলো চলাচল করেছে। গত ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি চলছিল। মূলত মাস্টারের সঙ্কটের কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ময়মনসিংহ রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনো মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়। বন্ধ মাইলেজ চালুর দাবিতে কর্মবিরতি পালন করা চলছিল।
রেলওয়ে সূত্রে জানা যায়, চলমান সঙ্কট নিরসনে গত সোমবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের সাথে এক সভায় সিদ্ধান্তসমূহ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন স্বাক্ষরিত পত্রে জানা যায়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবনিযুক্ত এএলএম গ্রেড-২ এবং গার্ড গ্রেড-২ এর চাকরির অফার লেটারের ১২ নং শর্ত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করা হবে। শর্ত প্রত্যাহারের আগ পর্যন্ত তারা কর্মঘণ্টার ভিত্তিতে যে মাইলেজ অর্জন করবেন তা বকেয়া হিসেবে পরিশোধের উদ্যোগ গ্রহণ করা হবে। সে পর্যন্ত সব রানিং স্টাফকর্তৃক তাদের মাইলেজ ও পেনশন জটিলতা সমাধানের জন্য গৃহীত চলমান বিভিন্ন কার্যক্রম স্থগিত রাখবেন।