রাজশাহীতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অপরাধে আওয়ামী লীগের ১৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছয়জন, মাদক মামলায় একজন, অন্য অপরাধে চারজন এবং ওয়ারেন্টভূক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতাররা হলেন মো: মিলন, মো: সোহেল রানা (৪৪), পারভেজ হোসেন (৩০), মো: শান্ত (২৭), মাহাবুব হোসেন মাসুদ (৫৫) ও সেকেন্দার আলী বাবু (৫০)।
এদের মধ্যে আওয়ামী লীগ কর্মী মিলন নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাগড়া গ্রামের মরহুম জমসেদ মণ্ডলের ছেলে। নওহাটা পৌরসভার আওয়ামী লীগ কর্মী সোহেল রানা পবা থানার বাগধানী উলাপুর গ্রামের আবু সাঈদের ছেলে। পারভেজ শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মরহুম আব্দুল গাফ্ফারের ছেলে। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শান্ত শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
এছাড়া আওয়ামী লীগ কর্মী মাহাবুব হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। মহাদেবপুর থানা আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী নওগাঁর মহাদেবপুর থানার ফাজিলপুর গ্রামের মরহুম আকবর আলীর ছেলে। বর্তমানে তিনি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট পাত্তাপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





