স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে মন্তব্য করে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ‘সকল ষড়যন্ত্রকে শক্তহাতে প্রতিরোধ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী স্বৈরাচারের দোসররা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা-হামলা এবং জুলুম নির্যাতন করেছে। আগস্টে গণবিপ্লবে আওয়ামী সরকার পতনের পর থেকে নির্ভয়ে দলীয় সভা-সমাবেশ করতে পারছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছে মানুষ।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদরের নুনগোলা ডিগ্রী কলেজ মাঠে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় কর্মী সমাবেশের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজিবুল করিম রাফির সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
প্রধান বক্তা মোশারফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দোসররা যাতে কোনোভাবেই বিএনপিতে মিশতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অনুপ্রবেশকারীদের দলে জায়গা দেয়া হবে না।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক ও সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তার সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, শিক্ষাবিষয়ক সম্পাদক শামিমা আক্তার পলিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম পিলু, তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুর রশিদ বজলু প্রমুখ।
সমাবেশ শেষে রাজিবুল করিম রাফিকে সভাপতি, মোফাজ্জল হোসেন মানিক ও আল আমিন পেস্তাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট নিশিন্দারা ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।





