রাজশাহীর পবা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। গতকাল শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো: ইব্রাহিম (৮০)। তার বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। এ গ্রামেরই একটি পুকুর পাহারা দিতেন বৃদ্ধ ইব্রাহিম। শুক্রবার সকালে ওই পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়।
ঘটনাস্থলটি পড়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায়। এ থানার ওসি আবদুল মালেক বলেন, পানি থেকে লাশ তুলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হয়েছে। নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাত লক্ষ করা গেছে।
ওসি বলেন, হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার ইব্রাহিম বুঝে ফেলায় তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতেই চুবিয়ে হত্যা করে চোরেরা পালিয়ে গেছে।