গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ইউনূস সরকারকে নিয়ে যে প্রত্যাশা ছিল সেটা হোঁচট খেয়েছে। কিন্তু আমরা হতাশ হতে চাই না, আমরা আশাহীন হতে চাই না, আমরা আশা রাখতে চাই। যেহেতু এই সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি, আমরা মনে করি যে, বাংলাদেশের ৫৩ বছরে এইরকমের রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়নি। যা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নেই তৈরি হয়েছে।
গতকাল সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
তিনি এ সময় বলেন, এ বছরের বিজয় দিবসটি অত্যন্ত আনন্দক্ষণ এবং উৎসবের সাথেই পালন করছি। কারণ আমরা দেখেছি যে গত দেড় দশকের যে কর্তৃত্ববাদী শাসন আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল। শহীদ মিনারে কিংবা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা সম্মানিত ব্যক্তিবর্গ লাঞ্ছিত হয়েছেন। নানাভাবে নাজেহাল হয়েছেন। তিনি বলেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার ছোট-বড় সব রাজনৈতিক দল, সমাজের নানা শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান করেছে। প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা নিবেদন করেন, আমাদের বিদেশী মেহমান পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে নিয়ে আমরা সে সময় উপস্থিত ছিলাম।





