রাজশাহীতে পূর্ব-বিরোধের জেরে সিএনজিচালিত-অটোরিকশার স্ট্যান্ডে হামলা চালিয়ে ৭০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজশাহী নগরীর রেলগেট অটোরিকশাস্ট্যান্ডে এ হামলা চালানো হয়।
তবে অটোরিকশাচালকদের দাবি, প্রায় ৯০টি গাড়ি ভাঙচুর এবং যাত্রী-চালকসহ ৩০ জনকে পিটিয়ে আহত করা হয়।
জানা গেছে, সোমবার সকালে জেলার তানোর উপজেলা সদরের সিএনজিচালিত-অটোরিকশাচালকরা বাসের ছয়জন চালক, চালকের সহকারী ও কন্ট্রাক্টরকে পিটিয়ে আহত করে। এরই জেরে মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তখনই বাসশ্রমিকেরা শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করে। বিক্ষোভ-মিছিল নিয়ে তারা রেলগেটে অটোরিকশাস্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করে। পরে বিকেলে রাজশাহী থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়।
আরো জানা গেছে, মঙ্গলবার সকালে বাসশ্রমিকেরা হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে রেলগেটে একের পর এক সিএনজিচালিতঅটোরিকশা ভাঙচুর করতে শুরু করে। এতে বাধা দিতে চালক ও যাত্রীদের মারধর করা হয়।
রাজশাহী সিএনজিচালিত-অটোরিকশা মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমাদের প্রায় ৯০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে কমপক্ষে ৩০ জনকে। তাদের বেশিভাগই চালক। কয়েকজন যাত্রীও আছেন। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন।’
রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখির মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতা হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা পুলিশ কমিশনারের কাছে এসেছি। কথা বলছি। সাংবাদিকদের সাথে পরে কথা বলব।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘আমরা এসে ভাঙচুর করা ৩২টি গাড়ি পেয়েছি। অন্য গাড়িগুলো চলে গেছে। ভাঙচুর করা গাড়ির সংখ্যা ৭০টি হতে পারে। সব গাড়ির কাচ ভেঙে দেয়া হয়েছে। এরপর কিছু গাড়ি উল্টে ফেলা হয়।’
তিনি আরো বলেন, ‘যাত্রী ও চালক মিলিয়ে ১২ জনের মতো আহত হয়ে থাকতে পারেন। আমরা সিএনজিচালিত-অটোরিকশাচালকদের মামলা করতে বলেছি। তারা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেবো।’
তানোর থানা পুলিশ জানায়, সোমবার ছয়জন বাস শ্রমিককে মারধরের ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। তাতে ১৮ জন সিএনজিচালিত-অটোরিকশাচালককে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো আসামি আছে। মামলার পর এজাহারভুক্ত দু’আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।





