রাজশাহীতে পূর্ব বিরোধের জের ধরে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে হামলা চালিয়েছেন বাস শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়। এ সময় অন্তত ৭০টি অটোরিকশা ভাঙচুর এবং চালকসহ ৩০ জনকে পিটিয়ে আহত করা হয়।
এর আগে সোমবার সকালে তানোর উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশা চালকরা বাসের ছয়জন চালক, চালকের সহকারী ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করে। এরই জেরে মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তখনই বাস শ্রমিকরা শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা রেলগেটে অটোরিকশা স্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করে। পরে বিকেলে রাজশাহী থেকে আবার বাস চলাচল শুরু হয়।
গতকাল সকালে বাস শ্রমিকরা হাতুড়িসহ লাঠিসোঁটা নিয়ে রেলগেটে একের পর এক সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করতে থাকেন। এতে বাধা দিতে গেলে চালক ও যাত্রীদের মারধর করা হয়। পরে বাস শ্রমিকরা চলে গেলে পুলিশ সেখানে যায়।