দেশে লোকসঙ্গীতের সবচেয়ে বড় আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ স্থগিত করা হয়েছে। ফলে এবার আপাতত সঙ্গীতের এই আসর বসছে না। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি।
গতকাল দুপুরে আয়োজক সংস্থা সান কমিউনিকেশনস-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘোষণা অনুযায়ী আমরা আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের ষষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ-বিদেশের শিল্পী, সঙ্গীতজ্ঞদেরও শিডিউল নেয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেনু জটিলতার কারণে আপাতত ফোক ফেস্টের আয়োজনটি স্থগিত করছি।’ তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেনু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। আতিফের কনসার্ট নিয়েও ভেনু কর্তৃপক্ষের অভিজ্ঞতা ভালো না, তার ওপর ট্র্যাফিক নিয়েও তারা কনসার্ন। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি স্থগিত করা হয়েছে।’’ বিকল্প ভেনু নিয়ে কোনো চিন্তা আছে কি না, সে প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, ‘বিকল্প ভেনু ভাবছি না। আপাতত স্থগিতই করছি। আমাদের প্রস্তুতি যেহেতু পুরোদমে নেয়া, তাই আমরা চেষ্টা করব ভেনুটা যেন পাই। পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখানেই করতে চাই।’
এই আসর নিয়ে কমবেশি সারা বছরই অপেক্ষায় থাকেন দেশের লোকসঙ্গীত ভক্তরা। সে দিকটি বিবেচনা করে ২০১৫ সাল থেকে সান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছিল; কিন্তু ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। মূলত করোনা মহামারী এবং পরে নিরাপত্তার জেরে আর বসেনি ফোক ফেস্টের আসর।