সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে একটি বাড়ি থেকে ৩০০ বস্তা বাংলাদেশী রসুন জব্দ করেছে যৌথবাহিনী (টাস্কফোর্স)।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর (টাস্কফোর্স) অভিযানে উপজেলার নরসিংপুর গ্রামের একটি বাড়ি থেকে এসব রসুন জব্দ করা হয়।
আজ বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও-শ্রিপুর সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের প্রস্তুতকালে সীমান্তবর্তী এলাকার নরসিংপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে বাংলাদেশী রসুন জব্দ করে যৌথবাহিনী। জব্দ ৩০০ বস্তা রসুনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।





